সোনারগাঁয়ে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ রয়েল রিসোর্টে এ আয়োজন করা হয়। কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসিকতার মাধ্যমে অল্প সময়ে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে এবং সোনারগাঁয়ের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কাঁচপুর রাজস্ব সার্কেলের কে এম রাফসান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল ভূইয়া, উপজেলা প্রকৌশলী সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদ, হারুন অর রশিদ মিঠু, নোবেল মীর ও রাকিব হাসানসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা শেষে অতিথিরা কেক কাটেন। পরে পত্রিকাটির সাফল্য ও দীর্ঘ পথচলা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





































