‘আমরা বিএনপি পরিবার’ আইডি দিয়ে সাগরের বিরুদ্ধে অপপ্রচার, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুর রহমান সাগরের বিরুদ্ধে অপপ্রচার ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান রাজিবকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি ও চাঁদা লেনদেনে ব্যবহৃত বিকাশ নম্বরও শনাক্ত করেছে।
গ্রেপ্তার রাজিব ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাদৈর মধ্যপাড়া এলাকার নজরুল ইসলাম ভূঁইয়া ও খাদিজা বেগম রানুর ছেলে। তিনি বাদৈর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক উপবিভাগীয় সম্পাদক এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ছাত্রলীগের সাবেক নেতা হয়েও ‘আমরা বিএনপি পরিবার’ নাম ব্যবহার করে ফেসবুকে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন রাজিব। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুর রহমান সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছিল।
পুলিশ জানায়, অভিযুক্ত রাজিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাগরের সঙ্গে যোগাযোগ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, বিকাশের মাধ্যমে কিছু টাকাও গ্রহণ করা হয়। এ ঘটনায় রকিবুর রহমান সাগর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
মামলার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সমন্বয়ে আইটি শাখার এসআই মফিজুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন।
পরে মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব অন্যদের প্ররোচনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাঁর এ বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতার গ্রেপ্তারের ঘটনায় আইডিটির পরিচালনা ও এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজিবকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।





































