১৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১০, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:১০, ১৪ নভেম্বর ২০২৬

রাজনৈতিক-প্রশাসনিক-আইনি দুর্বলতায় অপরাধ নিয়ন্ত্রণ হচ্ছে না: জব্বার

রাজনৈতিক-প্রশাসনিক-আইনি দুর্বলতায় অপরাধ নিয়ন্ত্রণ হচ্ছে না: জব্বার

রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা ও আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় নারায়ণগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সুজনের সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

আবদুল জব্বার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা, সুশাসন ও প্রশাসনিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতার মতো অপরাধ নির্মূলে সরকারের স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন।

তিনি বলেন, অনেক সময় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের টেলিফোন বা চাপে অপরাধীদের ছেড়ে দিতে হয়, কিংবা দুর্বল মামলা দেওয়া হয়। ফলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে তাদের প্রশাসনিক ক্ষমতা ও সক্ষমতা প্রয়োগ করতে পারে না। বিদ্যমান আইনগুলোও যদি ন্যূনতম কার্যকর করা যায়, তাহলে অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

কিশোর গ্যাংয়ের বিষয়ে আবদুল জব্বার বলেন, এসব গ্যাং সাধারণত কোনো না কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা বা সিনিয়র নেতাদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সরকার পরিবর্তন হলেও এ সংস্কৃতি থেকে পুরোপুরি বের হওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিলে এ ধরনের আলোচনা ফলপ্রসূ হবে না। প্রশাসনকে নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি আইনের ফাঁকফোকর দূর করে কঠোরভাবে আইন প্রয়োগের আহ্বান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সিপিবি’র জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূরউদ্দিন, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আহমেদুর রহমান তনু, এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শওকত আলী, সমমনার জেলা সভাপতি গোবিন্দ সাহা প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়