পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৪ জন গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গত সোমবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করেছিল। বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারেক আল মেহেদী বলেন, “গতরাত ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য।”
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন তৃণমূল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান (৫৫), রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন (৩৪), জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আয়নাল হক (৬৬) এবং নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মকবুল হোসেন (৫৫)।
এ ছাড়া জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মোমেন (৪৩), একই ইউনিয়নের প্রচার সম্পাদক আকাশ বিশ্বাস (৩০), তাবারো পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাকিল ভূঁইয়া (৩২), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল (৫২), ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম ওরফে খোকন প্রধান (৪৬), আওয়ামী লীগ কর্মী মো. ইলিয়াস (৪১) এবং ছাত্রলীগ কর্মী সাব্বির আহমেদ আকাশ (৩০), রিফাত হাসান (২২) ও ইমতিয়াজ রহমান রাফি (৩০) গ্রেপ্তার হয়েছেন।





































