আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের পক্ষে তদবির বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন টিপু
আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের পক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের তদবির এবং আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তা বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক খোলা আবেদনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
আবেদনে টিপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তাঁকে নিজের নেতা ও অভিভাবক হিসেবে উল্লেখ করে দলের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানান তিনি।
টিপু অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর সরকার গঠনের পর থেকে কিছু মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা বিভিন্ন জেলায় আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের পক্ষে স্থানীয় বিএনপি নেতাদের কাছে ফোন করে তদবির করছেন এবং তাঁদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে চলেছেন।
তাঁর দাবি, কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের এ ধরনের তদবির স্থানীয় বিএনপি নেতাদের জন্য বেদনাদায়ক ও অপমানজনক। একই সঙ্গে এটি দলের জন্য ক্ষতিকর।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীরা কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের তদবিরে স্থানীয়ভাবে অবস্থান ধরে রেখে আগের মতোই বিএনপি ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিতর্কিত হচ্ছেন বলে দাবি করেন তিনি।
টিপু অভিযোগ করেন, এসব ব্যবসায়ীর কেউ কেউ বর্তমান বিএনপি সরকারকে উৎখাতের উদ্দেশ্যে দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য অর্থায়ন করছেন।
এ পরিস্থিতিতে আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের পক্ষে কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের তদবির এবং আশ্রয়-প্রশ্রয় বন্ধে প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান তিনি।
ফেসবুকে প্রকাশ্যে আবেদন জানানোর কারণ ব্যাখ্যা করে টিপু বলেন, বিষয়টি দলীয় ফোরামে উত্থাপন করা যেত। কিন্তু দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোনো সভা না হওয়া এবং তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ না থাকায় বিকল্প মাধ্যম হিসেবে ফেসবুককে বেছে নিয়েছেন তিনি।
দল ও নেতাকর্মীদের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এই নেতা।





































