দলীয় পরিচয় নয়, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনুন: মাসুম বিল্লাহ
মাদক ব্যবসায়ীদের রাজনৈতিক পরিচয়, আত্মীয়তা কিংবা ব্যক্তিগত সম্পর্ক বিবেচনা না করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে বিদ্যমান আইন সংশোধন এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সুজন’র সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল।
মাদক নিয়ন্ত্রণে আইনের সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে মাসুম বিল্লাহ বলেন, “মাদক ধরা হচ্ছে। পুলিশ কষ্ট করে ধরে শত্রু হয়, আক্রান্ত হয়; কিন্তু আইনের মাধ্যমে পরবর্তীতে অপরাধীরা জামিনে বের হয়ে যায়। আইন সংশোধন করে, ন্যূনতম একটা শাস্তিভোগ করে যদি বের হয় তাহলে কিছু শিক্ষা অন্তত পাবে। যারা মাদক বিক্রি করে তাদের খুব কম ধরা হয়। সে যে দলের হোক সরকারি-বিরোধী দলীয়, আত্মীয়, সহপাঠী খাতির না করি। সমাজ-দেশের স্বার্থে তাদের আইনের আওতায় আনা দরকার।”
কিশোর গ্যাংকে সমাজের একটি বড় ব্যাধি উল্লেখ করে তিনি বলেন, “তারা মানে না মুরুব্বি, বড়-ছোট। উঠতি বয়সে অভিভাবকদের সচেতন হতে হবে। মা-বাবা, শিক্ষাগুরু, পরিবার-পরিজন সক্রিয় না হলে আইন দিয়ে শাসন করা যায় না। কিশোর গ্যাংয়ের অন্যতম একটা কারণ বিভিন্ন দলের শেল্টার বা বড় ভাইয়ের শেল্টার থাকা। আমরা সকলে মিলে যদি একটা আইনের সুশাসন করতে পারি আশা করি কার্যকর ভূমিকা পালন করবে।”
ছিনতাইয়ের পেছনে কর্মসংস্থানের সংকট ও অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন মাসুম বিল্লাহ। তিনি বলেন, “কাউকে দোষ দিচ্ছি না, বর্তমান পরিস্থিতি এবং কর্মসংস্থানের অনেক সংকট রয়েছে। যদি পেটে ভাত না থাকে তাহলে আহার জোগাড়ের জন্য অনেক কিছু করতে হয়, হোক তা অবৈধ। এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পেটে ভাত না থাকলে সে ইচ্ছা করে এগুলা করতে যায় না। আমি এটাকে মানে ভালো বলতেছি না। অনেকে আবার স্বভাবে করে। যারা স্বভাব করে অবশ্য এদেরকে আইনের আওতায় আনতে হবে। যে সমস্ত স্পট, বিভিন্ন পাড়া-মহল্লা, মার্কেট স্পট বিশেষ করে শিল্পাঞ্চলে বেতনের দিন এটা (ছিনতাইচক্র) বেশি সক্রিয় হয়। প্রশাসন ওদিন সক্রিয় থাকে আরেকটু ভালো হয়।”
সহিংসতা ও আইনের শাসন প্রসঙ্গে তিনি বলেন, “সহিংসতা আমাদের সংস্কৃতি হয়ে গেছে। আমরা অবশ্যই আইনের সুশাসন চাই। আইনের শাসন প্রতিষ্ঠা হলে সহিংসতা কমে যাবে। কারণ অনেক সময় অপরাধীকে ধরা হয়, ধরার পরে তাৎক্ষণিক প্রতিশ্রুতি দেওয়া হয় বিচার করব। কিন্তু দেখা যায় সব তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও সুশাসন পায় না। ফলে পরবর্তীতে আবার আইন হাতে তুলে নেয়।”
এ সময় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতা নিয়ন্ত্রণে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।





































