১৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৫, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৫৫, ১৪ নভেম্বর ২০২৬

লেংটার মেলা বন্ধে সভায় মামুন মাহমুদ: ‘অসামাজিক কার্যক্রম হতে দিবো না’

লেংটার মেলা বন্ধে সভায় মামুন মাহমুদ: ‘অসামাজিক কার্যক্রম হতে দিবো না’

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় প্রয়াত পীর ও সাধক হযরত শাহ্ সোলায়মান (র.) ওরফে ‘লেংটা বাবা’র ওরশ উপলক্ষে আয়োজিত ‘লেংটার মেলা’ বন্ধের দাবিতে আয়োজিত সভায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেছেন, “অসামাজিক কার্যকলাপ আর এই বক্তাবলীতে হতে দেবো না।”

তিনি স্থানীয় ধর্মীয় নেতাদের এই উদ্যোগের সঙ্গে আছেন এবং প্রশাসনিকভাবেও তাদের সহযোগিতা প্রদান করা হবে বলেও ঘোষণা দেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বক্তাবলী ইউনিয়নের প্রসন্ন নগর গ্রামের আমজাদ কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্যে মামুন মাহমুদ বলেন, “অসামাজিক কার্যকলাপ আর এই বক্তাবলীতে আমরা হতে দেবো না ইনশাল্লাহ। সমস্ত প্রশাসনিক সহযোগিতা আপনাদেরকে দেওয়া হবে। আজকে দাওয়াতে বা সেমিনারে এসেছি শুধু তা নয়, আপনাদের বিপদে আমাদের ডাক দিবেন, সকল নেতৃবৃন্দসহ আমি নিজে আপনাদের আন্দোলনে যুক্ত হবো।”

তিনি আরও বলেন, “অসামাজিক কার্যকলাপ বন্ধে ইমাম সাহেবরা যে আন্দোলন শুরু করেছেন, আপনাদের এক ফোঁটা রক্ত থাকতে এই আন্দোলন থেকে পিছ পা হওয়ার সুযোগ নাই। যদি পিছ পা হন তাহলে কিন্তু ইসলাম পিছিয়ে যায়। এটা আপনাদের ঈমানি দায়িত্ব। আপনারা মসজিদের মিম্বরে বসে যে কথা বলেন সেটা কিন্তু আল্লাহর কথা। সুতরাং আল্লাহর কথা বলে আপনাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ইমাম সাহেবদের পেছনে আমরা নামাজে দাঁড়াই, ইমাম সাহেবদের এই আন্দোলনের পেছনেও আমরা দাড়াবো। আপনারাই সামনে নেতৃত্ব দিবেন, আমরা পেছনে এসে দাঁড়াবো।”

মামুন বলেন, “আমরা চাই, অসামাজিক সমস্ত কার্যকলাপ বন্ধ হোক। মাদক, কিশোর গ্যাং, অসামাজিক কার্যকলাপ, ইসলামের নামে যে ভন্ডামি চলে সেগুলো যেন আর না চালু হয়। আপনারা এগিয়ে এসেছেন আমরা আপনাদের পেছনে আছি। প্রশাসনকে আমি বলে দিবো। নারায়ণগঞ্জের এসপি সাহেবকে বলে দিবো, ফতুল্লা থানার ওসিকে বলে দিবো, তারা আপনাদের পাশে থাকবে। যখনই আপনাদের প্রয়োজন হবে, ফোন দিলে আপনাদের পাশে এসে দাঁড়াবে।”

তবে, এই বক্তব্যের বিষয়ে নিজের অবস্থান সম্পর্কে জানতে অধ্যাপক মামুন মাহমুদের মুঠোফোনের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কলগুলোতে তিনি সাড়া দেননি।

আধ্যাত্মিক সাধক সোলায়মান লেংটার মাজার চাঁদপুরের বেলতলীতে। নারায়ণগঞ্জের বক্তাবলীর রাধানগর গ্রামে তার শ্বশুর বাড়ি। গত কয়েক দশক ধরে এ এলাকাতেও তার ওরশ অনুষ্ঠিত হয়। ওরশকে ঘিরে মেলার আয়োজন করা হয়। কিন্তু গত কয়েক বছর ধরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের আপত্তির মুখে এই আয়োজন বাধার মুখে পড়ে।

এই মেলা বন্ধের দাবিতে আয়োজিত সভার ব্যানারে ‘মাদক ও অপসংস্কৃতির ভয়াল থাবায় সামাজিক প্রতিরোধ ও উত্তরন’ শীর্ষক সেমিনার বলে উল্লেখ ছিল। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন মামুন মাহমুদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা বিল্লাল হোসেন।

মেলা বন্ধে হুমকির অভিযোগ তুলে হযরত শাহ সোলায়মান লেংটার পঞ্চম বংশধর ও মাজারের খাদেম শাহ আমজাদ হোসেন বলেন, “এখানে সোলেমান ল্যাংটার ওরশ শত বছর ধরে আয়োজন হচ্ছে। কিন্তু গত ক’বছর ধরে বাধার মুখে পড়তে হচ্ছে। গত দুই বছর ওরশ হয়নি। এ বছরও ওরশ ও মেলার আয়োজন করতে বাধা দিচ্ছে একটি গ্রুপ। তারাই শনিবার মেলা বন্ধের জন্য সভা করেছে। এ কারণে আমরা আতঙ্কে আছি।”

সর্বশেষ

জনপ্রিয়