রাজনৈতিক স্বার্থের কারণে নারায়ণগঞ্জের সমস্যার সমাধান হচ্ছে না: তনু
নারায়ণগঞ্জের যানজট, কিশোর গ্যাং, ছিনতাই, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু। তিনি বলেছেন, নারায়ণগঞ্জের সমস্যাগুলো কী এবং সেগুলোর সমাধানের পথ কোথায়, তা সবারই জানা। কিন্তু কিছু ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের কারণে এসব সমস্যার সমাধান বাধাগ্রস্ত হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুজন’র সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল।
তনু বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। বিভিন্ন মহলে বারবার এসব বিষয় উঠে এলেও কার্যকর সমাধান হচ্ছে না। এর পেছনে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ কাজ করছে। এসব সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।
কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক প্রয়োজনে কোনো কোনো পক্ষ কিশোর গ্যাংকে ব্যবহার করে। রাজনীতিতে জনবল প্রদর্শনের জন্য অপরাধপ্রবণ ব্যক্তিদের সম্পৃক্ত করার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। রাষ্ট্রের জন্য ক্ষতিকর ব্যক্তিদের রাজনীতিতে যুক্ত করার বিষয়ে রাজনৈতিক নেতাদের সতর্ক থাকতে হবে। রাজনীতি করতে হলে জনবল প্রদর্শনই মুখ্য বিষয় নয়। নারায়ণগঞ্জের মানুষের প্রত্যাশা ও চাওয়াকে রাজনৈতিক নেতাদের গুরুত্ব দিতে হবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তনু বলেন, নির্বাচনের আগে অনেক প্রার্থী ও রাজনৈতিক প্রতিনিধিকে নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে ইতিবাচক বক্তব্য দিতে দেখা যায়। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর তাঁদের বেশিরভাগকে মাঠে পাওয়া যায়নি। রাজনীতি শুধু নির্বাচনকেন্দ্রিক হওয়া উচিত নয়। যাঁরা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা দাবি করেন, তাঁদের নির্বাচনের সময়ের বাইরেও জনগণের পাশে থেকে সেবা অব্যাহত রাখতে হবে।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জেলায় প্রায় দুই হাজার বা তার কিছু বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। বিপুল জনসংখ্যা ও বিস্তৃত এলাকার তুলনায় এই জনবল দিয়ে পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। এ কারণে নারায়ণগঞ্জে দ্রুত মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালু করা প্রয়োজন।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নাগরিকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে জোরালো ভূমিকা রাখতে হবে।
প্রতিটি থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কী পরিমাণ যানবাহন ও প্রয়োজনীয় পরিবহনসুবিধা রয়েছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তনু বলেন, শুধু সমস্যার কথা বললেই হবে না, সমস্যাগুলো কেন সমাধান হচ্ছে না, তার মূল কারণও চিহ্নিত করতে হবে।
নিজেদের সংগঠনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, যারা ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তাঁদের কার্যক্রম অনুসরণ করে ‘উই আর ভলান্টিয়ার’ কাজ করছে। গত আগস্ট-পরবর্তী সময়ে সংগঠনটি নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করে। সেই প্রচেষ্টার কিছু ইতিবাচক ফল এখন দেখা যাচ্ছে।
তনু বলেন, নারায়ণগঞ্জের কোথায় কারা ছিনতাই, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত, তা প্রশাসন ও নাগরিক সমাজের জানা। সম্মিলিতভাবে মাঠে কাজ করলে এসব সমস্যার সমাধান সম্ভব। অতীতে সম্মিলিত উদ্যোগে যানজটের কিছু সমস্যার সমাধান হয়েছে। একইভাবে উদ্যোগ নিলে অন্যান্য সমস্যাও নিয়ন্ত্রণে আনা সম্ভব।





































