১৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৮, ১৩ নভেম্বর ২০২৬

৯০ পার্সেন্ট মুসলমানের দেশে সুদকে আইন বানানো হয়েছে: সিরাজুল

৯০ পার্সেন্ট মুসলমানের দেশে সুদকে আইন বানানো হয়েছে: সিরাজুল

মানুষের তৈরি আইন দিয়ে পরিপূর্ণ ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেছেন, মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। মানুষের তৈরি ব্যবস্থায় বারবার বৈষম্য, অবিচার ও শোষণের জন্ম হয়েছে। তাই সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি, নিরাপত্তা ও ইনসাফ প্রতিষ্ঠায় আল্লাহর দেওয়া বিধান এবং ইসলামী শাসনব্যবস্থার বিকল্প নেই।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস আয়োজিত বিভিন্ন পেশাজীবীর দাওয়াতি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে জামতলাস্থ মজলিস কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সিরাজুল মামুন বলেন, ‘৯০ পার্সেন্ট মুসলমানদের দেশেও আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ সুদকে আইন বানানো হয়েছে। মদের বৈধতা দেওয়া হয়েছে। এসব কিছু মানুষকে আইন তৈরির ক্ষমতা দেওয়ার কুফল। আজ মুসলমানদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো, নিজেদের জীবন ও রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসা।’

তিনি আরও বলেন, খেলাফত মজলিস মানুষকে আল্লাহর আইন ও রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের দিকে আহ্বান জানাচ্ছে। ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মহানগর সহসভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলমের সভাপতিত্বে মাহফিলে দারসুল কোরআন পেশ করেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী। বক্তব্য দেন মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ ও সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।

মহানগর সহসাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহসাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহসাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, মুহাম্মদ শরীফ মিয়াজী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক এবং ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়