সরকারি দল-প্রশাসন চাইলে মাদক-কিশোর গ্যাং থাকবে না: রাব্বি
মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতার মতো সংকটগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি বলেন, “সরকারি দল ও প্রশাসনের সহযোগিতা ছাড়া কোনো এলাকায় মাফিয়া চক্র গড়ে উঠতে পারে না। তাই সরকার ও প্রশাসন যদি চায়, তবে নারায়ণগঞ্জে মাদক ও কিশোর গ্যাং চলার কোনো কারণ নেই।”
শনিবার (১৪ নভেম্বর) শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাদকের ভয়াবহতা ও নেপথ্যের চিত্র তুলে ধরে রফিউর রাব্বি বলেন, “প্রায় ২০ বছর আগে বাংলাদেশকে লক্ষ্য করে মিয়ানমার সীমান্তের কাছে ১৪টি ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলা হয়েছে। সেখান থেকে কীভাবে ও কাদের মাধ্যমে দেশে মাদক আসে, তা প্রশাসন ভালোভাবেই জানে। এগুলো গোপন কোনো বিষয় নয়। আমাদের জেলায় রূপগঞ্জ মাদকের একটি বড় ঘাঁটি। কক্সবাজার থেকে রূপগঞ্জ হয়ে দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করা হয়। গণমাধ্যমে আমরা দেখেছি, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সাবেক এমপি গাজী ও তার ছেলে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের যোগসাজশে হাজার কোটি টাকার এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।”
অতীতের অপরাধ ও মাফিয়া চক্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা সব সমস্যার সমাধানের জন্য পুলিশের দিকে তাকিয়ে থাকি। কিন্তু পুলিশের সীমাবদ্ধতা ও সদিচ্ছা এখানে বড় বিষয়। নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনও মাদক, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল। আমরা বিভিন্ন সময় এই সমালোচনা করেছি বলেছি।”
রফিউর রাব্বি বলেন, “যদি সরকারি দল এবং প্রশাসন চায় আমাদের এখানে মাদক চলবে না, কিশোর গ্যাং চলবে না, তবে এগুলো কোনোভাবেই চলার কারণ নেই। ৫ আগস্টের ঘটনাবলীর মধ্য দিয়ে পুলিশ প্রশাসনের যে দুর্নাম হয়েছে, তা হয়েছে কারণ সরকার তাদের যা বলেছে তারা তা করতে বাধ্য হয়েছে। পুলিশকে অসচ্ছল রেখে এবং নির্দেশ পালনের চাপে রেখে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাদের নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে দিলে তারা অসৎ পথে যাবে না।”
রাজনীতিবিদদের কথা ও কাজের অমিল নিয়ে সমালোচনা করে বক্তব্যের শেষে তিনি বলেন, “তারেক জিয়া নারায়ণগঞ্জের স্পটগুলো নিয়ে কথা বলেছেন এবং বলেছিলেন, এই সেই নারায়ণগঞ্জ যেখানে ত্বকীকে হত্যা করা হয়েছে। কিন্তু আপনাদের সময়ে ৯ মাস পার হয়ে গেলেও ত্বকী হত্যার কাগজ তো এক ইঞ্চিও অগ্রসর হয়নি। আসলে ক্ষমতায় থাকলে একরকম, আর ক্ষমতার বাইরে গেলে রাজনীতিবিদরা জনবান্ধব হয়ে যান। ক্ষমতায় গেলে কীভাবে টিকে থাকা যায় সেই প্যাঁচগোচ শুরু হয়। আমরা চাই রাজনীতিবিদদের কথায় ও কাজে মিল থাকুক।”





































