১৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৪২, ১৩ নভেম্বর ২০২৬

সরকার ব্যর্থ হলে জনগণ নিজেই দায়িত্ব তুলে নেবে: আ.লীগ প্রশ্নে এমপি আল আমিন

সরকার ব্যর্থ হলে জনগণ নিজেই দায়িত্ব তুলে নেবে: আ.লীগ প্রশ্নে এমপি আল আমিন

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জনগণ নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই তুলে নেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, আওয়ামী লীগের নাশকতার অভিযোগকে সরকার লঘু করে দেখছে এবং দলটিকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদের বিরোধী দলের একটি সংসদীয় প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় প্রতিনিধি দলের সদস্য আল আমিন বলেন, তদন্তের আগেই একটি বসতবাড়িকে পরিত্যক্ত ভবন এবং আগুন লাগার ঘটনাকে শর্ট সার্কিটের ফল বলে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে আওয়ামী লীগের নাশকতার অভিযোগকে লঘু করে দলটিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি বলেন, গত বেশ কিছুদিন ধরে নুসরাত তাবাসসুম জ্যোতিকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এ সপ্তাহের মঙ্গলবার নিরাপত্তা চেয়ে তিনি কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর বুধবার দিবাগত রাতে তার বাড়িতে আগুন দেওয়া হয়। সিসিটিভি ও ভিডিও ফুটেজে আগুন লাগার পর ওই বাড়ি থেকে নারী ও শিশুদের বের হয়ে আসতে এবং ধোঁয়ায় একজনকে অজ্ঞান হয়ে পড়তে দেখা গেছে বলে দাবি করেন তিনি। সাতজনের বসবাস করা বাড়িটিকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিত্যক্ত বলে উল্লেখ করেছেন বলেও সমালোচনা করেন আল আমিন।

ঘটনাস্থলের বৈদ্যুতিক সংযোগ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সেখানে বৈদ্যুতিক মিটার ও লাইন স্বাভাবিক অবস্থায় রয়েছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেও শর্ট সার্কিটের কোনো ঘটনা ঘটেনি বলে তারা নিশ্চিত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আগাম বক্তব্যের কারণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আল আমিন আরও বলেন, সারা দেশে বাসে আগুন দিয়ে চালক হত্যা এবং অন্যান্য নাশকতার ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী সেগুলোকে লঘু করে দেখছেন। কুষ্টিয়ায় অগ্নিসংযোগের পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা উল্লাস করছেন এবং দায় স্বীকার করছেন বলেও দাবি করেন তিনি।

সরকারের প্রতি ডিসেম্বরকেন্দ্রিক নৈরাজ্য প্রতিরোধ এবং আওয়ামী লীগ সরকারের আমলের অপরাধের বিচারের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আল আমিন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সুষ্ঠু তদন্ত চাই। তবে সরকার যদি নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে জনগণকে তা স্পষ্ট করে বলে দেওয়া উচিত। বাংলাদেশের জনগণ ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানে যেভাবে নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করেছে, সরকার ব্যর্থ হলে জনগণ ঠিকই নিজেদের দায়িত্ব নিজেরা নিতে এবং সন্ত্রাসীদের প্রতিহত করতে পারবে।’

সংসদীয় প্রতিনিধি দলে আরও ছিলেন সংসদ সদস্য আব্দুল গফুর, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু এবং ভুক্তভোগী সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়