নিটিং মজুরি বাড়াতে ঐকমত্যে বিকেওএ, দ্রুত পদক্ষেপের সিদ্ধান্ত
উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ব্যবসা পরিচালনায় আর্থিক চাপের কারণে নিটিং মজুরি বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেওএ)। এ লক্ষ্যে বর্তমান বাজার পরিস্থিতি ও উৎপাদন ব্যয় পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো নির্ধারণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিকেওএর কার্যালয়ে সংগঠনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মো. সেলিম সারোয়ার। সভায় নির্বাহী কমিটির সদস্যরা নিটিং শিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও মজুরি পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সাধারণ নিটিং মালিকদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান শিল্প পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিটিং মজুরি বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বিগত সময়ে শিল্পকারখানায় শ্রমিকদের বেতন-ভাতা, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ ও লুব্রিকেন্টসহ নিটিং উৎপাদনের প্রায় প্রতিটি খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি অন্যান্য পরিচালন ব্যয়ও ক্রমাগত বাড়ছে। অথচ সেই অনুপাতে দীর্ঘদিন ধরে নিটিং মজুরি সমন্বয় না হওয়ায় সাধারণ নিটিং মালিকদের ওপর আর্থিক চাপ বাড়ছে।
তাঁরা আরও বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে প্রচলিত নিটিং মজুরি কাঠামো দিয়ে কারখানার প্রকৃত উৎপাদন ও পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে শিল্পের স্বাভাবিক কার্যক্রম, বিনিয়োগ সক্ষমতা ও ব্যবসায়িক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সভায় উপস্থিত নির্বাহী কমিটির সদস্যরা সাধারণ নিটিং মালিকদের মজুরি বৃদ্ধির দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। একই সঙ্গে দ্রুত নিটিং মজুরি বাড়ানোর বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন তাঁরা।
বিস্তারিত আলোচনার পর সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সংগঠনের পক্ষ থেকে নিটিং মজুরি বৃদ্ধির বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে বর্তমান উৎপাদন ব্যয়, বাজার পরিস্থিতি ও সংশ্লিষ্ট খাতের বাস্তব তথ্য-উপাত্ত পর্যালোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।
সভায় আশা প্রকাশ করা হয়, নিটিং মালিকদের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে মজুরি বৃদ্ধির উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বিকেওএর পক্ষ থেকে জানানো হয়, নিটিং শিল্পের টেকসই উন্নয়ন, মালিকদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং শিল্পের স্বাভাবিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাস্তবসম্মত ও যৌক্তিক নিটিং মজুরি নির্ধারণ জরুরি। এ উদ্যোগ সফল করতে সংগঠনের সব সদস্যের ঐক্য, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





































