১৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪২, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৯, ১৪ নভেম্বর ২০২৬

মাদক, কিশোর গ্যাং ও সহিংসতা বন্ধে প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত: শওকত আলী

মাদক, কিশোর গ্যাং ও সহিংসতা বন্ধে প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত: শওকত আলী

মাদক, কিশোর গ্যাং ও সহিংসতা নিয়ন্ত্রণ এবং বন্ধে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী। তাঁর মতে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সুজন’র সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল।

শওকত আলী বলেন, “কিশোর গ্যাং এবং সহিংসতা একটার সাথে একটা কানেক্টেড। আমি মনে করি, এই পুরো সমস্যার সমাধান একটা রাজনৈতিক সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী থেকে আরেকটু পিছনে যেতে চাই। মাদকের আমদানিকারক কারা, উৎপাদক কারা। যদি সেটা দেশে উৎপাদন হয় তাহলে সেটা কোথায় হচ্ছে, কারা করছে, লাইসেন্সকৃত নাকি লাইসেন্সের বাইরে অবৈধভাবে উৎপাদন হচ্ছে, চোখের সামনে নাকি আড়ালে হচ্ছে, কিভাবে হচ্ছে। সরকার চায় কিনা এটা বন্ধ হোক! আমদানি কোথা দিয়ে হচ্ছে, বৈধভাবে না অবৈধভাবে, কোন কোন রুট দিয়ে বাংলাদেশে ঢুকতেছে, সে রোডগুলো কি সরকার জানে নাকি জানে না।”

মাদক নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “আমরা জানি, কক্সবাজার রেড জোন এলাকা। এখান দিয়ে মায়ানমার থেকে বিভিন্ন রকম ক্ষতিকর মাদক বাংলাদেশে ঢুকে। এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা। তিনি যদি চান তার এলাকায় এই বিষয়টাকে তিনি কন্ট্রোল করবেন কিন্তু তিনি পারেন কিনা? যারা সরকার পরিচালনা করছেন তারা এ বিষয়গুলা কিভাবে ডিল করতে চান। সুতরাং যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, ক্ষমতায় যাবেন মনে করছেন বা যাদের রাষ্ট্রকল্প আছে আমার মনে হয় তাদের সে রোডম্যাপটা থাকা উচিত যে তারা এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারে। কারণ এইটা শুধুমাত্র আমাদের আলোচনার মধ্য দিয়ে বা একটা একটা অভিযানের মধ্য দিয়ে বা একটা দুইটা সামাজিক প্রতিরোধের মধ্য দিয়ে দূর হবে না।”

কিশোরদের শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের সুযোগের বিষয়টি তুলে ধরে শওকত আলী বলেন, “কিশোর বলতে বুঝি যে বয়সের মানুষদেরকে বুঝি শিক্ষার্থী। এবং অন্যান্য শ্রেণি-পেশার যারা আমাদের এই বয়সে মানুষরা আছেন এদের মধ্যে শিক্ষার হার কতটুকু, আমাদের সরকার কি সে ব্যবস্থা করছেন কিনা, সবাই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবেন নাকি, তারা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়ছেন। তাদের ব্যাপারে তাদের সরকারের ভাবনা কি! এই ছেলেমেয়েগুলোই তো মাদকাসক্ত হচ্ছেন বেশিরভাগ। একই সাথে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ, বিনোদনের ব্যবস্থা আছে কিনা, অন্যান্য সামাজিক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে কিনা। শুধুমাত্র কয়েকজনকে ধরে নিয়ে এসে আমরা বন্দি করলে এটা দূর হবে না বলে মনে করি। এটা একটা পার্ট। যেই সমস্ত দেশে আমরা আইনশৃঙ্খলা অনেক ভালো বলে মনে করি ওই সমস্ত দেশগুলোতে মাদকের পরিস্থিতিটা কেমন। সেটা তুলনা করতে পারলে আমরা আইডিয়া পেতে পারি। যে তাহলে এটা কমানো জন্য নেয়া যেতে পারে।”

তিনি বলেন, “সামাজিক এবং রাজনৈতিক এই সিদ্ধান্তগুলোর মধ্য দিয়েই আমরা আসলে একটা সমাধানে পৌঁছাতে পারি এবং এই ধরনের আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি যে এই বার্তাটা অন্তত পৌঁছে দেয়া যাবে।”

সর্বশেষ

জনপ্রিয়