নারায়ণগঞ্জকে বিশেষ ক্যাটাগরির জেলা ও রাজনৈতিক পুনর্গঠনের দাবি সুজনের
নারায়ণগঞ্জের অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী সমাধানে জেলাটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে বিশেষ ক্যাটাগরিতে উন্নীত করা, প্রশাসনিক সক্ষমতা বাড়ানো এবং রাজনৈতিক পুনর্গঠন জরুরি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।
শনিবার (১৪ নভেম্বর) শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের প্রশাসনিক সক্ষমতার সীমাবদ্ধতা তুলে ধরে তারিকুল ইসলাম সুজন বলেন, ৬৮৩ বর্গকিলোমিটার আয়তনের নারায়ণগঞ্জ ‘বি’ ক্যাটাগরির জেলা। রূপগঞ্জের পূর্বাঞ্চলের কিছু অংশ বাদে জেলায় পুলিশ সদস্য রয়েছেন প্রায় ১ হাজার ৮০০ জন। ঘনবসতিপূর্ণ ও শিল্পাঞ্চলঘেঁষা অপরাধপ্রবণ একটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ জনবল যথেষ্ট নয়। অতীতে গুম, খুন ও সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত এই জেলার প্রশাসনিক সক্ষমতা বাড়াতে একে বিশেষ ক্যাটাগরিতে উন্নীত করা প্রয়োজন।
বিচারহীনতার সংস্কৃতিকে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, তকী হত্যার বিচার প্রায় ১৪ বছর ধরে আটকে আছে। সমাজে বিচারহীনতার সংস্কৃতি থাকলে অপরাধ দূর হবে এমনটা আশা করা যায় না। ন্যূনতম আইনের শাসন প্রতিষ্ঠা না করে সুশাসন নিশ্চিত করাও সম্ভব নয়।
অপরাধ নিয়ন্ত্রণে নাগরিকদের দায়িত্বের বিষয়টিও তুলে ধরেন তারিকুল ইসলাম সুজন। তিনি বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু পুলিশের নয়, নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির পেছনে ভবনের মাঝখানে ময়লা ফেলার মতো নাগরিক অসচেতনতাও ভূমিকা রাখছে। নিজের দায়িত্ব পালন না করে শুধু অন্যদের দোষারোপ করলে সমস্যার সমাধান হবে না।
নারায়ণগঞ্জের কর্মসংস্থান ও শ্রমিকদের নিরাপত্তার সংকট তুলে ধরে তিনি বলেন, শহরে লক্ষাধিক অটোরিকশা ও ১০ থেকে ২০ হাজার হকার বাড়ছে। দেশজুড়ে কর্মসংস্থান ও উন্নয়নের বিকেন্দ্রীকরণ না হওয়ায় গ্রাম থেকে মানুষ শহরে আসছেন, কিন্তু তাঁদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। নারায়ণগঞ্জ সস্তা শ্রমের শহরে পরিণত হয়েছে, যেখানে শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুলিশ সংস্কার কমিশনের অন্যতম প্রস্তাব ছিল স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিয়ে পুলিশ ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারবে না। এসব সংকটের সমাধানে প্রকৃত রাজনৈতিক পুনর্গঠন প্রয়োজন। শুধু আলোচনা করে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।





































