আইনের রাজনৈতিক অপব্যবহার গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করবে: এমপি আল আমিন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের পরও যদি আইনের রাজনৈতিক অপব্যবহার, ভুক্তভোগীর কণ্ঠরোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায়, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাশিত রূপান্তর বাধাগ্রস্ত হবে।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে ‘মতপ্রকাশ ও বাকস্বাধীনতা লঙ্ঘন’ বিষয়ক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সাথী আক্তারের ঘটনার প্রসঙ্গ তুলে এমপি আল আমিন বলেন, একজন নাগরিক নিজের প্রতিষ্ঠানে চুরি, হামলা ও ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর নিজের কষ্টের কথা প্রকাশ করতে পারবেন না—এটি মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
তিনি অভিযোগ করেন, সাথী আক্তারের বক্তব্যের পর তাঁর বিরুদ্ধে মব তৈরি করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁকেই ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে।
এ ঘটনায় প্রশ্ন তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভুক্তভোগীকে আটক করা হলে, যারা হামলা ও মব সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন?
আইনের রাজনৈতিক অপব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশে এ ধরনের ঘটনা নতুন নয়। বিগত বছরগুলোতে আইনের শাসনের অনুপস্থিতি এবং রাজনৈতিক স্বার্থে আইন ব্যবহারের প্রবণতা ফ্যাসিবাদী কাঠামো গড়ে ওঠার অন্যতম কারণ ছিল।
আলোচনায় বিরোধীদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন আল আমিন।
তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের আগেই সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলা হয়েছে। অথচ পরবর্তী সময়ে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট ডিজিএম জানিয়েছেন, সেখানে শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি।
তাঁর মতে, যথাযথ তথ্যপ্রমাণ ছাড়া এ ধরনের বক্তব্য একটি ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর প্রবণতা তৈরি করতে পারে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের বক্তব্যের ক্ষেত্রেও সমান জবাবদিহি নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার বিষয়েও কথা বলেন এই সংসদ সদস্য।
তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় এবং শক্তিশালী মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেসব বিষয় এখন পুনরায় প্রশ্নের মুখে পড়ছে।
যে বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে, সেই বাহিনীর মাধ্যমেই তদন্ত পরিচালিত হলে নিরপেক্ষ তদন্ত কতটা সম্ভব, সে প্রশ্নও তোলেন তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, দ্য ডেইলি ওয়াদারের সম্পাদক শফিকুল আলম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতারা।
আলোচনায় গণতন্ত্রকে শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা, আইনের সমান প্রয়োগ, ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।





































