২৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৩, ২৬ অক্টোবর ২০২৬

পদ-পদবি নয়, জনতার আস্থায় রাজনৈতিক শক্তি গড়তে হবে: এমপি আল আমিন

পদ-পদবি নয়, জনতার আস্থায় রাজনৈতিক শক্তি গড়তে হবে: এমপি আল আমিন

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি বলেছেন, শুধু পদ-পদবি কিংবা কমিটি গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক দল শক্তিশালী হয় না। প্রকৃত রাজনৈতিক শক্তি গড়ে ওঠে জনগণের আস্থা অর্জন, তৃণমূলে সংগঠন বিস্তার এবং প্রতিটি এলাকায় সুদৃঢ় রাজনৈতিক অবস্থান তৈরির মাধ্যমে।

সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল আমিন বলেন, যোগ্য ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে মাঠপর্যায়ের রাজনীতির সমন্বয় ঘটাতে হবে। পদকেন্দ্রিক রাজনীতির গণ্ডি পেরিয়ে প্রতিটি নেতাকর্মীকে নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে এবং জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, লক্ষ্য শুধু একটি সংগঠন গড়ে তোলা নয়; জনগণের অংশগ্রহণ ও আস্থার ভিত্তিতে শক্তিশালী রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠা করা। পরিকল্পিত সাংগঠনিক উদ্যোগ ও তৃণমূলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এনসিপিকে আরও বিস্তৃত ও জনভিত্তিসম্পন্ন সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। প্রধান বক্তা ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ এবং সাংগঠনিক সম্পাদক (ঢাকা উত্তর) শওকত আলী ও সাইফুল্লাহ হায়দারসহ দলের অন্য নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়