রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী–টিপুর সাত সদস্যের প্যানেলের তালিকা জমা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আগামী ৩১ অক্টোবরের নির্বাচন সামনে রেখে অ্যাডভোকেট নবী হোসেন ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের তালিকা জমা দেওয়া হয়েছে।
চাষাঢ়ায় ইউনিট কার্যালয়ে কর্মকর্তা মাহমুদা মুন্সির কাছে তালিকাটি জমা দেওয়া হয়। এ প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট নবী হোসেন এবং সেক্রেটারি পদে আবু আল ইউসুফ খান টিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাঁচটি সদস্য পদের প্রার্থীরা হলেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও অ্যাডভোকেট জাকির হোসেন।
তালিকা জমা দেওয়ার সময় সাত প্রার্থী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নবী হোসেন নারায়ণগঞ্জ জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এবং টিপু মহানগর বিএনপির সদস্যসচিব।
সরকার হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি। রিয়াদ মোহাম্মদ চৌধুরী নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। ফতেহ মোহাম্মদ রেজা রিপন নারায়ণগঞ্জ হোসিয়ারি মালিক সমিতির পরিচালক।
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক। অ্যাডভোকেট জাকির হোসেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি।
এ সময় প্যানেলের পক্ষ থেকে নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও ভোট কামনা করা হয়।
আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।





































