আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি আইভীর সততা, সাহস ও রাজনৈতিক জনপ্রিয়তার প্রশংসা করেন।
রনি বলেন, ‘সেলিনা হায়াৎ আইভী এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ।’ তাঁর ভাষ্য, নারী-পুরুষ নির্বিশেষে মাঠের রাজনীতিতে আইভীর চেয়ে জনপ্রিয় কেউ নেই।
আইভীর রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, কাজের মাধ্যমে তিনি সফল হয়েছেন এবং তাঁর সততা প্রমাণিত। এ কারণে তাঁর হাজার হাজার নেতা-কর্মী রয়েছেন।
আইভীর পেছনে কেউ স্লোগান দিলে তার দায় তাঁর ওপর চাপানোর বিরোধিতা করেন রনি। তিনি বলেন, ‘পেছন থেকে একজন জয় বাংলা বলে ফেলছে, এখন এজন্য একটা জয় বাংলা বলে ফেলল আর সঙ্গে সঙ্গে আপনি সেলিনা হায়াৎ আইভীকে ধরবেন, দ্যাট শুড নট বি।’
আইভীর পাশে দাঁড়ানো দুই আইনজীবীর প্রসঙ্গও তুলে ধরেন সাবেক এই সংসদ সদস্য। তাঁর দাবি, ওই দুই আইনজীবীর কেউ আওয়ামী লীগ করেন না। তাঁদের একজন উদীচির সভাপতি ছিলেন এবং তাঁরা জুলাই আন্দোলনেও অংশ নিয়েছিলেন।
এ প্রসঙ্গে রনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, আগে রাজাদের চলাচলের সময় ঢোল পিটিয়ে নানা নিষেধাজ্ঞা ঘোষণা করা হতো। আইভীর পাশে দাঁড়ালে কিংবা আশপাশে কেউ স্লোগান দিলে আইনজীবীদের গ্রেপ্তার করা হবে এমন ঘোষণা আগে দেওয়া থাকলে তাঁরা হয়তো যেতেন না। গেলেও উপস্থিত লোকজন স্লোগান দেওয়া থেকে বিরত থাকতেন।
গোলাম মাওলা রনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালে বিএনপিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং পরাজিত হন।





































