গুজব হিন্দু-মুসলমান দু’জনকেই উস্কে দেয়: তারিকুল সুজন
গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন বলেছেন, “সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর গুজব বিগত সময়ে দেখেছি। বিগত সময়ে যে সমস্ত পূজামন্ডপগুলোতে হামলা হয়েছে সেইসব ভিডিও ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। বর্তমানে এআই এমন জায়গায় এসে হাজির হয়েছে যে, এআই দিয়ে সেন্সেটিভ ভিডিও এবং ফটো এডিট করে ছড়িয়ে দেওয়া যায়। যা হিন্দু-মুসলমান দুই ধর্মের লোকজনকে উস্কে দেওয়া যায়।”
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “পুলিশ ও প্রশাসনের লোকজন সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো বন্ধে একটা নির্দেশনা দিলে কার্যকর হবে।”
পূজার সময় যানজট মোকাবেলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে তিনি আরও বলেন, “শহরে হকার এবং অটোরিকশা নিয়ন্ত্রণ আমাদের করতেই হবে। এখন তো অটোরিকশার পরিমাণ আরো অনেক বেড়েছে। অন্যদিকে হকাররা ফুটপাতও দখল করে আবার রাস্তায় দখল করে। প্রাইভেট কারগুলোও রাস্তা দখল করে রাখে। রাস্তার পাশে এখনো পণ্য সামগ্রী রেখে দেওয়া হচ্ছে। একইসঙ্গে শহরের বর্জ্য খুব সকালেই যেন অপসারণ করা হবে। কোথাও যেন বর্জ্য জমে না থাকে। কারণ এটা পুরো শহরের পরিবেশ নষ্ট করে।”
তারিকুল বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও নিজেদের দায়িত্ব পালন করবেন বলে আশা করি।”
প্রতি পূজামন্ডপে তথ্যকেন্দ্র স্থাপনেরও পরামর্শ দেন তিনি।





































