০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৬, ৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৩৭, ৮ সেপ্টেম্বর ২০২৬

ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা জব্বারের

ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা জব্বারের

দেশ ও ইসলামি মূল্যবোধ রক্ষার স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মাওলানা আবদুল জব্বার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আবদুল জব্বার বলেন, ইসলাম, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং আলেম সমাজের ওপর আঘাত এলে কোনো সচেতন মুসলমান চুপ করে বসে থাকতে পারেন না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইতিহাসে প্রতিটি যুগেই ইসলামবিরোধী শক্তি সত্যের কণ্ঠকে স্তব্ধ করতে নানা ষড়যন্ত্র করেছে। তবে তৌহিদী জনতার ঈমানি শক্তি ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে অন্যায়-অবিচার স্থায়ী হতে পারেনি। বর্তমান সময়েও ইসলাম, মাদরাসা শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্যকে লক্ষ্য করে নানা ধরনের চক্রান্ত চলছে দাবি করে এসব বিষয়ে সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আলেম-ওলামা ও শান্তিকামী মানুষ সবসময় দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পক্ষে। তবে শান্তিকামী মানুষকে উসকানি দেওয়া কিংবা আলেম সমাজকে অন্যায্যভাবে হয়রানি করার চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না।

দেশের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ ও হেদায়েত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল জব্বার। একই সঙ্গে সমাজের সর্বস্তরে ইসলামের আদর্শ ছড়িয়ে দেওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পথে অবিচল থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়