দেওভোগে মাদকবিরোধী সচেতনতায় বিএনপি নেতা আল আমিন প্রধান
নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে দেওভোগ এলাকার বিভিন্ন মহল্লা পরিদর্শন করে তিনি এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় আল আমিন প্রধান বলেন, আগামী শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুরুব্বি, মসজিদ কমিটির সভাপতি, সদস্য ও মুসল্লিদের সঙ্গে আলোচনা করে মসজিদভিত্তিক একটি মাদকবিরোধী বিট কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “অতীতে কে কী করেছেন, তা নিয়ে এখন আর নয়। আজ থেকে সবাইকে পরিবর্তনের পথে এগিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “মাদক শুধু আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় নয়, এটি পরিবার ও সমাজেরও দায়িত্ব। প্রতিটি পরিবারকে খেয়াল রাখতে হবে তাদের সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কীভাবে মাদকের সংস্পর্শে আসছে। পরিবার সচেতন হলে মাদকাসক্তি অনেকাংশে কমানো সম্ভব।”
আল আমিন প্রধান বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও মাদক প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিটি মহল্লা ও মসজিদকেন্দ্রিক সামাজিক উদ্যোগ গড়ে তোলা গেলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয়দের সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।





































