৩১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৬, ৩০ জুলাই ২০২৬

স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান এমপি আল আমিনের

স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান এমপি আল আমিনের

স্বাধীন বিচার বিভাগ, আইনের শাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং রাজনৈতিক সহিংসতার অবসানের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) অডিটোরিয়ামে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স আয়োজিত ‘ফিরে দেখা জুলাই’ শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি। সভাপতিত্ব করেন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক অ্যাডভোকেট এস. এম. আজমল হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট এনামুল বারী সরকার।

বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা ছিল ন্যায়বিচার, আইনের শাসন এবং দলীয়করণমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। সেই প্রত্যাশার বাংলাদেশে সহিংসতা, প্রতিহিংসা কিংবা শক্তির রাজনীতির কোনো স্থান থাকতে পারে না।

তিনি হবিগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নিতে গিয়ে এক তরুণের ওপর হামলায় একটি চোখ হারানোর ঘটনার উল্লেখ করে বলেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে একজন তরুণের ওপর এমন নৃশংস হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, কোথাও উদ্দেশ্যপ্রণোদিত বা মিথ্যা মামলা হয়ে থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। তবে মিথ্যা মামলার অজুহাতে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা বা প্রকৃত অপরাধীদের বিচারের বাইরে রাখার সুযোগ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। নিরপরাধ ব্যক্তির হয়রানি বন্ধের পাশাপাশি প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনের পথে বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং আইনের শাসনের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তার মতে, আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং দলীয়করণমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন সম্ভব।

সর্বশেষ

জনপ্রিয়