০১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ৩১ জুলাই ২০২৬

আপডেট: ২২:২৪, ৩১ জুলাই ২০২৬

বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বন্ধ ঘোষিত সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড পুনরায় চালু, শ্রম আইন অনুযায়ী সব আইনানুগ পাওনা পরিশোধসহ ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শত শত শ্রমিক।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শ্রমিকরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সভাপতি হাসনাত কবির, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন এবং কারখানার বিভিন্ন বিভাগের শ্রমিক প্রতিনিধিরা।

বক্তারা অভিযোগ করেন, গত ২৯ জুন কোনো পূর্বঘোষণা বা শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। পরদিন শ্রমিকরা কাজে এসে কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পান। তাদের দাবি, এ সিদ্ধান্ত বাংলাদেশ শ্রম আইনের পরিপন্থী এবং এতে শত শত শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

শ্রমিকদের দাবি, দীর্ঘ আন্দোলনের পর গত ৩০ জুলাই বকেয়া মজুরি পরিশোধ করা হলেও শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ক্ষতিপূরণ, চাকরিসংক্রান্ত অন্যান্য সুবিধা এবং আইনানুগ সব পাওনা এখনো পরিশোধ করা হয়নি।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বৃদ্ধির কারণে কর্মহীন শ্রমিকদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা অভিযোগ করেন, একটি সচল শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া শ্রমিকবান্ধব নীতির পরিপন্থী।

সমাবেশ থেকে শ্রমিকরা ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে  অবিলম্বে সেঞ্চুরি অ্যাপারেলস পুনরায় চালু, বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বহাল, শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ, নিয়োগপত্র, সার্ভিস বুক ও চাকরির প্রত্যয়নপত্র প্রদান, শ্রমিকদের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ এবং কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত না করা।

সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়