প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে সভা, গণশুনানির দাবি
বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জে সভা করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।
শুক্রবার (৩১ জুলাই) রাতে শহরের চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদের দ্বিতীয় তলায় চাষাঢ়া ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম।
চাষাঢ়া পঞ্চায়েত পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদার সভাপতিত্বে এবং বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
এছাড়া বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, গভীর নলকূপ ব্যবহারকারী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, জামতলা পঞ্চায়েত কমিটির সভাপতি মজিবুর রহমানসহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতারা।
সভায় বক্তারা অভিযোগ করেন, ডিপিডিসি কোনো ধরনের আগাম নোটিশ, জনমত যাচাই বা গণশুনানি ছাড়াই গ্রাহকদের ওপর প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে। তাদের দাবি, প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রোগী, শিশু ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন। এছাড়া রিচার্জ প্রক্রিয়ায় ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে অর্থ কেটে নেওয়া, সার্ভার সমস্যার কারণে ব্যালেন্স না পাওয়া এবং জরুরি কারিগরি সহায়তা না মেলার অভিযোগও তুলে ধরেন তারা।
বক্তারা আরও বলেন, বিদ্যুৎ একটি মৌলিক সেবা। তাই গ্রাহকদের মতামত উপেক্ষা করে কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়া উচিত নয়। তারা প্রিপেইড মিটার স্থাপনের আগে গণশুনানির আয়োজন এবং গ্রাহকদের উদ্বেগের সমাধানের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, গ্রাহকদের মতামত ছাড়া জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা উচিত নয়। তিনি এ বিষয়ে গণশুনানির আয়োজনের দাবি জানান এবং বলেন, গ্রাহকদের সন্তুষ্ট করতে পারলে তারা স্বেচ্ছায় প্রিপেইড মিটার গ্রহণ করবেন।
সভায় বক্তাদের বক্তব্যে প্রিপেইড মিটার প্রকল্প এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ে সমালোচনাও উঠে আসে।





































