বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের সমাবেশ
জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে গণসমাবেশ করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে যারা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ‘জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়ন করা না হলে ফ্যাসিবাদের দোসররা আবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। জুলাই সনদ নিয়ে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “দেশে ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের কোনো বিকল্প নেই। এ বিষয়ে দেশের সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, “জনগণের দীর্ঘ লড়াই-সংগ্রামের ফসল এই নতুন বাংলাদেশ। ছাত্র-জনতার রক্তে অর্জিত সনদ বাস্তবায়নে কোনো গড়িমসি দেশের মানুষ মেনে নেবে না। জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।”
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করীম, খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগরের সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, বন্দর উপজেলা সভাপতি মুফতি আবুল কাসেম, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন এবং শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদসহ অন্যরা।





































