আড়াইহাজারে মসজিদের অজুখানা ভাঙচুর, মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামে একটি মসজিদের অজুখানা ভাঙচুর এবং এক মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে এক নারীকে মারধর করে তাঁর হাত ভেঙে দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সেন্দী মাসজিদুল মাক্কী মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহপারান। অভিযোগে হযরত আলী (৬৫), তাঁর ছেলে আমান উল্লাহ (২৫), নাজমা আক্তার (৩৩) এবং অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে মাগরিবের নামাজ শেষে মুসল্লি শাহিন আক্তার মসজিদে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা লাঠিসোঁটা, লোহার রড, স্টেইনলেস স্টিলের পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে মসজিদের প্রধান ফটকে এসে তাঁকে বাইরে বের হওয়ার জন্য ডাকাডাকি করেন এবং হত্যার হুমকি দেন।
অভিযোগ অনুযায়ী, শাহিন আক্তার বাইরে না এলে অভিযুক্তরা মসজিদের অজুখানার পানির ট্যাব ও পাইপলাইন ভাঙচুর করেন এবং প্রধান ফটক ভাঙার চেষ্টা চালান। এ সময় মুসল্লিরা বাধা দিলে শাহিন আক্তারের ফুফুকে মারধর করা হয়। এতে তাঁর ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে অভিযুক্তরা চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





































