আর কোনো স্বৈরশাসক যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে: আবদুল জব্বার
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, “আমরা বলছি—‘জীবন দেব, জুলাই দেব না’। আমরা জুলাইকে বারবার স্মরণ করতে চাই, কারণ এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েই দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতনের শাসনের অবসান ঘটে। আমরা চাই, বাংলাদেশে আর কোনো স্বৈরশাসক যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”
তিনি আরও বলেন, “জুলাইকে স্মরণ রাখার মধ্য দিয়ে যেন আর কোনো স্বৈরাচারী আমাদের প্রিয় ছোট্ট রিয়া গোপকে ছাদের ওপর থেকে গুলি করে হত্যা করার দুঃসাহস না দেখায়।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে আবদুল জব্বার বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের অধিকাংশ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছিল, যেন বাংলাদেশে আর কোনো দুঃশাসন না ঘটে। কিন্তু বর্তমানে দেশ পরিচালনায় চাটুকারিতার যে পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, তা কাম্য নয়। ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের মানুষ সবসময় জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আমাদের প্রত্যাশা ছিল একটি ফ্যাসিবাদমুক্ত, সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ। সেই লক্ষ্যেই ইসলামী ছাত্রশিবির আন্দোলনে অংশ নিয়েছিল। জুলাইয়ের এই লড়াকু চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে জাগিয়ে রাখতেই আমাদের এ আয়োজন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক রায়হান বিন রফিক, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, শিক্ষা সম্পাদক ওবায়দুল রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।





































