১৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১০, ১৭ জুলাই ২০২৬

সিটি করপোরেশন, জেলা পরিষদের পর ইউনিয়ন পরিষদেও বিএনপি নেতা প্রশাসক

সিটি করপোরেশন, জেলা পরিষদের পর ইউনিয়ন পরিষদেও বিএনপি নেতা প্রশাসক

নারায়ণগঞ্জের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক হিসেবে বিএনপি নেতাদের দায়িত্ব দেওয়ার ধারাবাহিকতায় এবার ইউনিয়ন পরিষদেও নিয়োগ পেলেন দলটির এক নেতা। সর্বশেষ রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরনবী ভূঁইয়াকে।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। জেলা পরিষদের প্রশাসক করা হয় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নূরনবী ভূঁইয়ার নিয়োগের তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের ইউপি সদস্য এবং তিনজন মহিলা দল নেত্রীকে সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এভাবে নারায়ণগঞ্জের তিন স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের একাংশের মতে, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে সরকার যখন আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে, তখন এ ধরনের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

তাদের দাবি, প্রশাসক নিয়োগের পরিবর্তে দ্রুত নির্বাচন আয়োজন করে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়িত্ব ফিরিয়ে দেওয়া উচিত।

তবে সংশ্লিষ্টদের মতে, মেয়াদোত্তীর্ণ ও বিভিন্ন কারণে কার্যক্রমে স্থবিরতা তৈরি হওয়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সচল রাখতেই প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

সর্বশেষ

জনপ্রিয়