লিংক রোডে ট্রাকের চাপায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত, চালক আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন লিংক রোড পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত আবুল হোসেনের বাবার নাম রজব আলী। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলার চক্ষু হাসপাতালের পেছনে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন।
পুলিশের তথ্যমতে, আবুল হোসেন তাঁর ছেলে রাজিনকে দেখতে ফতুল্লায় এসেছিলেন। রাজিন স্টেডিয়ামের পাশের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি রয়েছেন। ছেলেকে দেখে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালক রুমান মোল্লা (২৩)কে আটক করে গণধোলাই দেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত অবস্থায় চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত চলছে।





































