০১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২০, ৩১ জুলাই ২০২৬

আপডেট: ২২:২৪, ৩১ জুলাই ২০২৬

বন্দরে বিদেশযাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট, থানায় অভিযোগ

বন্দরে বিদেশযাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট, থানায় অভিযোগ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে সৌদি আরবগামী এক প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, পাসপোর্ট, মোবাইল ফোন ও মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পশ্চিম হাজীপুর এলাকার বাসিন্দা রকিবুল হাসান তারেক বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে বন্দর থানায় অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়ে পশ্চিম হাজীপুর জামে মসজিদের সামনে ভাড়া করা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন রকিবুল হাসান তারেক। এ সময় মোটরসাইকেলে এসে তিনজন দুর্বৃত্ত তাকে ও তার স্বজনদের আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে।

পরে তারা রকিবুলকে মারধর করে তার বিদেশগামী পাসপোর্ট, বিমানের টিকিট, ট্রাভেল ব্যাগ, নগদ ৯০০ সৌদি রিয়াল, ২ হাজার ৫০০ টাকা, একটি স্বর্ণের নাকফুল এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

সর্বশেষ

জনপ্রিয়