বন্দরে ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা
নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ভুক্তভোগী ব্যবসায়ী আলতাফ হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে বন্দর থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মদনপুরের ডাচ-বাংলা ব্যাংক থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে সঙ্গে থাকা আরও দেড় লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন আলতাফ হোসেন। পথে ঢাকেশ্বরী কবরস্থানের সামনে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে একটি হাইএস গাড়িতে তুলে হাতকড়া পরিয়ে মারধর করে নগদ ১৮ লাখ টাকা, এনআইডি কার্ড ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে ছিনতাইকারীরা তাকে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায়।
ভুক্তভোগী আলতাফ হোসেনের অভিযোগ, তিনি ৫-৬ জনের বিরুদ্ধে অভিযোগ দিলেও রহস্যজনক কারণে পুলিশ ৩-৪ জনকে আসামি করে মামলা নিয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





































