৩১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:১৭, ৩০ জুলাই ২০২৬

চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী

চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী

নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে পটকা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর ছাত্রশিবিরের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আয়োজকদের দাবি, অনুষ্ঠান চলাকালে শহীদ মিনারের পেছনে একটি তেলের পাম্পের দিক থেকে দুজন তরুণ দর্শকদের লক্ষ্য করে পটকা নিক্ষেপ করেন। পরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটকরা হলেন, সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার গোলজার হোসেনের ছেলে মোখলেস এবং ফতুল্লার গাবতলী এলাকার শাহ আলম সরদারের ছেলে লোকমান।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, “অনুষ্ঠান চলাকালে দুজন ব্যক্তি মিনারের পাশের পাম্পের দিক থেকে দর্শকদের ওপর পটকা ছুড়ে মারে। পরে তাদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়।”

তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান পণ্ড করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। এছাড়া আটক দুজন নিজেদের আজমেরী ওসমানের অনুসারী বলে স্বীকার করেছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, “খবর পেয়ে তাদের থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিছু তথ্য দিয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।”

তিনি আরও জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রশিবিরের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়