নিহত মাদ্রাসাছাত্রের পরিবারকে জামায়াতের সমবেদনা, দোষীদের শাস্তির দাবি
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ঘাটে শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র হাবিব হাসান (১৫) নিহতের ঘটনায় শোক ও সমবেদনা জানাতে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার একটি প্রতিনিধি দল নিহত হাবিব হাসানের বাড়িতে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির আবদুল জব্বার এবং জেলা আমির আলহাজ মমিনুল হক সরকারসহ স্থানীয় নেতারা।
জামায়াত নেতারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, সড়ক দুর্ঘটনায় একটি কিশোরের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, দুর্ঘটনার পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এবং সমঝোতার জন্য অর্থ লেনদেনের আলোচনা হচ্ছে এমন অভিযোগ বিভিন্ন মহলে উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা চালককে দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।





































