লক্ষ্মীনারায়ণ কটন মিল আত্মসাৎ ও হামলায় জড়িতদের বিচারের দাবি রফিউর রাব্বির
লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি আত্মসাৎ ও সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি।
শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে রফিউর রাব্বি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ওসমান পরিবারের সহযোগিতায় একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলে নীট কনসার্ন গ্রুপ লক্ষ্মীনারায়ণ কটন মিলের প্রায় ১৮ দশমিক ৬৫ একর জমি, যার বাজারমূল্য প্রায় ৭০০ কোটি টাকা, মাত্র ৩৫ কোটি টাকায় আত্মসাৎ করেছে।
তিনি বলেন, ২০০১ সালে মিলের ৫১০ শ্রমিক-কর্মচারীকে শেয়ারহোল্ডার করে সরকার মিলটি পরিচালনার উদ্যোগ নেয় এবং ২০১২ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি লাভজনক ছিল। তবে পরবর্তী সময়ে নীট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লা ভয়ভীতি দেখিয়ে অধিকাংশ শেয়ারহোল্ডারের শেয়ার কিনে নেন। যারা শেয়ার বিক্রি করেননি, তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
রফিউর রাব্বি আরও অভিযোগ করেন, আন্দোলনরত শেয়ারহোল্ডারদের ওপর বিভিন্ন সময়ে হামলা, বিদ্যুৎ-পানি-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এবং মিলের পুরোনো মন্দির ভেঙে ফেলার ঘটনাও ঘটেছে। তার দাবি, বর্তমানেও কিছু রাজনৈতিক নেতার সহযোগিতায় এসব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ২০১৫ সালের হাইকোর্টের এক আদেশ অনুযায়ী মিলটির চেয়ারম্যান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হলেও, এ বিষয়ে জেলা প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার নিরাপত্তাহীনতার আশঙ্কায় ৫৩ জন শেয়ারহোল্ডার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর ওই রাতেই মিলের কলোনিতে হামলার ঘটনা ঘটে, যাতে নারীসহ কয়েকজন আহত হন। আহতদের অভিযোগের ভিত্তিতে কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে।
রফিউর রাব্বি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি নীট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে তদন্তের আহ্বান জানান।
তিনি বলেন, সরকার যেন দলীয় পরিচয় নির্বিশেষে লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।





































