০১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৪, ৩১ জুলাই ২০২৬

আপডেট: ২০:১৪, ৩১ জুলাই ২০২৬

আড়াইহাজারে গাঁজাসহ ২ ‘পুলিশের সোর্স’ গ্রেফতার, তদন্তের দাবি স্থানীয়দের

আড়াইহাজারে গাঁজাসহ ২ ‘পুলিশের সোর্স’ গ্রেফতার, তদন্তের দাবি স্থানীয়দের

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি, গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে আড়াইহাজার থানার এক উপপরিদর্শকের (এসআই) ‘পুলিশের সোর্স’ হিসেবে কাজ করতেন। এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যের ভূমিকাও তদন্তের দাবি জানিয়েছেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রী এলাকায় হাজী ইজ্জত আলীর বাড়ির সামনের পাকা সড়ক থেকে স্থানীয়রা মামুন (৩০) ও সানিকুল (১৯) নামে দুই যুবককে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

খবর পেয়ে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে পুলিশ হেফাজতে নেন। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, জব্দ করা মোটরসাইকেলটি রহস্যজনকভাবে সেদিন রাতেই ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, গ্রেপ্তার হওয়া মামুন ও সানিকুল দীর্ঘদিন ধরে আড়াইহাজার থানার এসআই জহিরুল ইসলামের সোর্স হিসেবে পরিচিত ছিলেন। তাদের মাধ্যমে নিরীহ মানুষকে মাদক মামলায় জড়ানো, হয়রানি ও ‘ফিটিং’ দেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয় যুবদল নেতা মফিজুল ইসলাম বলেন, “এ ধরনের সোর্সরা বিভিন্ন সময় ভালো মানুষকে মাদক দিয়ে ফাঁসায়। তারাই মাদক কারবারিদের কাছে মাদক সরবরাহ করে বলে আমরা জানতে পেরেছি। গত তিন মাস ধরে আমরা এলাকায় মাদকের বিরুদ্ধে পাহারা দিচ্ছি। কোনো মাদক কারবারী এলাকায় ঢুকতে পারেনি। গ্রেপ্তার ওই দুই ব্যক্তি পুলিশের সহযোগী পরিচয়ে মাদক নিয়ে এলাকায় ঢুকেছিল। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।”

এ বিষয়ে বক্তব্য জানতে সিনিয়র এসআই জহিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, “ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়