জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা
জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জে পদযাত্রা ও মোনাজাত কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ শাখা।
শুক্রবার (৩১ জুলাই) শহর শাখার সভাপতি মুহাম্মাদ সাইম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাঈম হাসানের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ সোহরাব হোসেন ফজলে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ আবুল হাশিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর উত্তর শাখার সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ সোহরাব হোসেন ফজলে বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অমূল্য আমানত। তাদের স্মৃতি সংরক্ষণ, যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতকরণ এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন সময়ের অপরিহার্য দাবি। তিনি তরুণ সমাজকে জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, জুলাই কেবল একটি মাসের নাম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিরোধের প্রতীক। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় জুলাই সনদের বাস্তবায়ন এবং ইতিহাস সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মাদ সাইম হোসেন বলেন, জুলাই জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতির ন্যায়বিচার ও অধিকার আদায়ের প্রেরণার উৎস। তাই জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা এবং জুলাই সনদের বাস্তবায়ন জাতির নৈতিক দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ সানভীর, সাংগঠনিক সম্পাদক এম মেহেদী হাসান, সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি মুহাম্মাদ আবরারুল করিম, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মাদ জিহাদ হাসান, শহর শাখার সহ-সভাপতি শেখ মুহাম্মাদ রুহুল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন।
কর্মসূচিতে বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, তাদের স্মৃতি সংরক্ষণ, জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





































