বন্দরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় নাম থাকা ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সংগঠক মো. উজ্জল হোসেন (৩২), জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯), যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন (৪০), আওয়ামী লীগের কর্মী মো. টিপন (৪৬), আব্দুর রব (৫৬) ও মনির হোসেন (৫৫)।
শুক্রবার (৩১ জুলাই) বন্দর থানার এসআই রাজিব হোসেন তালুকদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। একই রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নামীয় ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠিয়ে জেলহাজতে রাখার আবেদন করে পুলিশ।
এজাহারে বলা হয়েছে, গত ২৯ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা এলাকায় কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড, ষড়যন্ত্র এবং মিছিল-স্লোগানের উদ্দেশ্যে জড়ো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
পুলিশের দাবি, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও গোপন তদন্তে জানা যায়, নামীয় ও অজ্ঞাত আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক। তারা সংগঠনকে সক্রিয় করা, সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছিল।





































