আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ প্রবাসীর পরিবারের পাশে জামায়াত নেতারা
আফ্রিকার একটি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নারায়ণগঞ্জের পাঁচ প্রবাসীর শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে এবং সমবেদনা জানাতে তাদের বাড়িতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর ও জেলা নেতারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার এবং জেলা জামায়াতের আমির আলহাজ মমিনুল হক সরকার নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন ফাহিম (২৭), নুর মোহাম্মদ (৫৫), আপন (২১), ফয়সাল (২১) ও শাহিন (২৮)। তাদের মধ্যে প্রথম চারজনের বাড়ি সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর এলাকায় এবং শাহিনের বাড়ি বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকায়।
পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎকালে জামায়াত নেতারা বলেন, জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে এভাবে আগুনে পুড়ে প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনায় শুধু আলীরটেক ও বক্তাবলী নয়, গোটা দেশ শোকাহত। তারা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় জেলা শূরা সদস্য ও ফতুল্লা পশ্চিম থানা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ নূরুল হক, আলীরটেক ইউনিয়ন জামায়াতের সভাপতি মুরাদ হোসেন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজ, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবু বক্করসহ মহানগর ও জেলা জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































