অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব দিতে ‘প্রস্তুত’ যুবদল
বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার, গুজব ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। অপপ্রচার ও ষড়যন্ত্রকে নেতা-কর্মীরা আন্দোলনের মাধ্যমেই তার জবাব দেবে দিবে বলে হুশিয়ার দেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ জুন) সকালে শহরের খানপুর হাসপাতাল রোডে অস্থায়ী মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, “নারায়ণগঞ্জের মাটিতে যুবদল নেতৃত্ব দিয়েছে। যুবদলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন। তাদের কখনও এখান থেকে সরানো যায়নি। কয়েক মিনিট বক্তব্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া হবে আর যুবদল আঙুল চুষে বসে থাকবে এটি মেনে নেওয়া যায় না।
জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমাদের নারায়ণগঞ্জ জেলা সুন্দর একটি কমিটি উপহার দিবেন এবং নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন।”
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ অভিযোগ করে বলেন, “আপনারা আজ যে জায়গাটায় উপস্থিত হয়েছেন, ঠিক চার বছর আগে এটি আমার মহল্লা ছিল। এখানে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট একজন সন্ত্রাসী ছিল। আমি তার নাম বলতে চাই না। সেই পরিবারের ভবিষ্যৎ কান্ডারী অয়ন ওসমান এবং তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে এসে আমার বসার জায়গা ভাঙচুর করে এবং গুলি করেছিল।”
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “আমাদের নেতা-কর্মীরা দীর্ঘদিন রাজপথে লড়াই করেছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। মহানগর যুবদলের নেতা সজল শহীদ হয়েছেন, এর আগে শাওন প্রধানও রাজপথে নিহত হয়েছেন।”
আওয়ামী লীগের নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, “যারা একসময় নিজেদের শক্তিশালী দাবি করতেন, তারা আজ দেশ ছেড়ে পালিয়েছেন। গত ১৭ বছরেও আমাদের রাজপথ থেকে সরানো যায়নি। তাই কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী জাতীয়তাবাদী যুবদলকে উচ্ছেদ করতে পারবে না।”
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, “যুবদলের বিরুদ্ধে যত অপপ্রচার ও ষড়যন্ত্রই হোক না কেন, নেতা-কর্মীরা আন্দোলনের মাধ্যমেই তার জবাব দেবে।”
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, শফিকুল ইসলাম, সহসাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেলসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।





































