ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও চাষাড়া মোড় ওভারপাস নির্মাণ নিয়ে যা জানালেন মন্ত্রী
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জাতীয় সংসদে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক উন্নয়ন, চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণ এবং আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন বিষয়ে পৃথক প্রশ্ন উত্থাপন করেন। এসব প্রশ্নের জবাব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) মন্ত্রী শেখ রবিউল আলম।
চাঁনমারী ও রাইফেল ক্লাব এলাকার রাস্তা প্রশস্তকরণ এবং চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণ বিষয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নারায়ণগঞ্জ লিংক সড়ক (আর-১১১) (সাইনবোর্ড-চাষাড়া) ৬-লেন উন্নীতকরণ প্রকল্পের কাজ জুন ২০২৫ সালে সম্পন্ন হয়েছে। তবে চাঁনমারী থেকে চাষাড়া পর্যন্ত ৪৫০ মিটার অংশে সওজ-এর নিজস্ব ভূমি না থাকায় সেখানে প্রয়োজনীয় প্রশস্ততা নিশ্চিত করা সম্ভব হয়নি। উক্ত স্থানের ভূমির মালিকানা বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে রয়েছে।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভূমি বিনিময়ের প্রস্তাব অনুমোদনের জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়া চলমান রয়েছে। ভূমি হস্তান্তর সম্পন্ন হলে চাঁনমারী, রাইফেল ক্লাব ও চাষাড়া মোড় এলাকায় যথাযথ মানে সড়ক প্রশস্তকরণ এবং একটি এট-গ্রেড ইন্টারসেকশন (ইন্টারচেঞ্জ) ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে।
অন্যদিকে চাষাড়া থেকে পঞ্চবটি হয়ে পোস্তগোলা আঞ্চলিক মহাসড়ককে ৬-লেনে উন্নীতকরণের বিষয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি বর্তমানে ইনার সার্কুলার রোডের অংশ হিসেবে সার্ভিস লেনসহ ৪-লেনে উন্নীত করার পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে।





































