বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সদর ইউএনও
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি কার্যক্রমে সহায়তার জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
ফতুল্লার কিডস ক্যাম্পাস অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল রোলার স্লাইডার, ব্যালেন্সার, থেরাপি ম্যাট, ট্রাম্পোলিন, বর্ণমালা পাজল বোর্ডসহ শিশুদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশে সহায়ক বিভিন্ন উপকরণ।
অনুষ্ঠানে ইউএনও এস. এম. ফয়েজ উদ্দিন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন এবং শিশুদের সার্বিক বিকাশে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।





































