এবার সোনারগাঁয়েও মহাসড়কে উড়ছে কালেমাখচিত পতাকা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাদা কাপড়ে আরবি হরফে কালো রঙের কালিতে লেখা কালেমাখচিত পতাকা সাঁটানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুুপুরে স্থানীয় এক মসজিদের খতিবের নেতৃত্বে একদল ব্যক্তি এসব পতাকা মহাসড়ক ও আশেপাশের কয়েকটি স্থানে লাগিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এসব পতাকা লাগানোর সময় ধারণ করা এক ভিডিওতে কথা বলেন সোনারগাঁ উপজেলার বড়সাদিপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান জামিল। তিনি বলেন, “আমরা সোনারগাঁয়ে প্রথম কালিমার পতাকা টাঙাচ্ছি। কয়েকদিন আগে যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে কিছু ভাই কালেমার পতাকা খুলে পুড়িয়ে ফেলেছে। যেহেতু বিশ্বকাপ চলছে, সারাদেশে বিভিন্ন দেশের পতাকা টাঙানো হচ্ছে। আমরা মুসলমানরা বিভিন্ন বিধর্মী পতাকার পরিবর্তে মুসলমান হিসেবে কালেমার পতাকা সবার সামনে তুলে ধরতে চাই।”
তাদের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, “মুসলমানদের আবেগ ও দায়িত্বের জায়গা থেকে আমরা এই পতাকার মাধ্যমে জানাতে চাচ্ছি যে, আমরাও মুসলমানদের পক্ষে আছি। সারাবিশ্বে কালেমার পতাকা সম্মানিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।”
তার দাবি, সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা, বড়সাদিপুর এবং সোনারগাঁ কলেজের আশপাশ এলাকায় প্রাথমিকভাবে প্রায় ১০০টি পতাকা টাঙানো হয়েছে।
তবে এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। তিনি বলেন, “বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হবে।”
এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের প্রায় এক কিলোমিটার অংশে এ ধরনের পতাকা লাগান কয়েকজন মাদরাসা ছাত্র।
এদিকে, এই পতাকা লাগানোর কর্মসূচির সঙ্গে জামায়াতে ইসলামী বা তাদের সংগঠনের কেউ সম্পৃক্ত নন বলে দাবি করেছেন দলটির নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার।
নারায়ণগঞ্জসহ দেশের কিছু এলাকায় এ ধরনের পতাকা লাগানোর ঘটনাকে তারা প্রশংসার নজরে দেখলেও এই কার্যক্রম তাদের কোনো কর্মসূচির অংশ নয় বলে সোমবার (২৯ জুন) রাতে এক ভিডিও বার্তায় জানান তিনি।
তিনি বলেন, “আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। মানুষ ইসলামকে ভালোবেসে কালেমার পতাকা উত্তোলন করতেই পারে। তবে এটি জামায়াতে ইসলামীর কোনো ঘোষিত কর্মসূচি নয় এবং দলের কোনো নেতাকর্মী সেখানে ঘোষণা দিয়ে সম্পৃক্ত হয়েছে বলে আমাদের জানা নেই,” যোগ করেন তিনি।
এদিকে ইঙ্গিতপূর্ণ সাদা-কালো পতাকার বিষয়ে কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।





































