২৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৮, ২৯ জুন ২০২৬

আপডেট: ২০:১০, ২৯ জুন ২০২৬

রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত

রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ছয় বছর বয়সী শিশু রিয়া গোপের পরিবারের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় নগরীর নয়ামাটি এলাকায় রিয়ার বাবা দীপক কুমার গোপ ও মা বিউটি ঘোষের হাতে তাদের বাসভবনে গিয়ে এ সহায়তার চেক তুলে দেন তিনি।

এ সময় সাখাওয়াত হোসেন খান বলেন, রিয়া গোপ হত্যা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। বর্তমান সরকার দ্রুত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, “এই মামলার সাক্ষী হিসেবেও আমি যুক্ত আছি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রিয়া হত্যার ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশা করছি।”

জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে নগরীর মণ্ডলপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় নয়ামাটিতে নিজ বাসার পাঁচতলার ছাদে খেলছিল ছয় বছর বয়সী রিয়া গোপ। হঠাৎ গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর, ২৪ জুলাই তার মৃত্যু হয়।

ঘটনার প্রায় এক বছর পর, চলতি বছরের ২৯ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে রিয়া গোপ হত্যা মামলা দায়ের করে। নিহত শিশুটির পরিবার মামলা না করায় পুলিশ নিজ উদ্যোগে মামলাটি দায়ের করে।

এদিকে, সন্তান হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারেননি রিয়ার বাবা-মা। রিয়ার মা বলেন, “অনেক কষ্টের বিনিময়ে আমি এই সন্তানকে পেয়েছিলাম। আমি আর মা ডাক শুনতে পারব না। মেয়ের অসংখ্য স্মৃতি নিয়েই আমাদের প্রতিটি দিন কাটছে।”

সর্বশেষ

জনপ্রিয়