নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুরের খোঁজ মিলেছে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমানের খোঁজ মিলেছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে নগরীর গলাচিপা এলাকার বাসায় তাকে পাওয়া গেছে বলে জানান গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।
তিনি বলেন, “সাইদুরের খোঁজ পাওয়া গেছে। তাকে তার গলাচিপার বাসা থেকে আমাদের পার্টি অফিসে আনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলছি। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
গত রোববার রাতে সদর মডেল থানায় সাইদুরের নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি করেন তারিকুল।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশনের নেতারা জানান, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ আছেন সাইদুর। সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
সহকর্মী ছাত্রনেতারা তার সঙ্গে গুম বা অপহরণের মতো ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করেছিলেন।
যোগাযোগ করা হলে রাত পৌনে এগারোটার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, “সাইদুরকে পাওয়া গেছে বলে আমরা শুনেছি। আমাদের পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।”
কীভাবে কী হয়ে সুনির্দিষ্ট করে পরে জানানো হবে বলেও জানান ওসি।





































