মেয়ের জন্মদিনে কেক নয়, রক্তদান ও বৃক্ষরোপণ করলেন দম্পতি
জন্মদিন মানেই কেক কাটা আর জমকালো আয়োজন এ প্রচলিত ধারণা থেকে বেরিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জের এক দম্পতি। আদরের মেয়ে আরিবাহ্ ইসলামের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে তারা রক্তদান ও বৃক্ষরোপণের মাধ্যমে দিনটি উদযাপন করেছেন।
পরিবারটি জানায়, গত বছর আরিবাহ্ ইসলামের প্রথম জন্মদিনে তারা বৃক্ষরোপণ করেছিলেন। এবার দ্বিতীয় জন্মদিনে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্তদান করার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন।
আরিবাহ্ ইসলামের মা আসমাউল হুসনা বলেন, “আমরা চাই আমাদের মেয়ের জন্মদিন শুধু আনন্দের উপলক্ষ না হয়ে ভালো কাজেরও একটি উপলক্ষ হোক। আমরা নিয়মিত রক্তদান করি, কারণ একটি ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। পাশাপাশি গাছ লাগানোর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ রেখে যেতে চাই। আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা, আমাদের মেয়ে বড় হয়ে একজন মানবিক মানুষ হবে এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা অর্জন করবে।”
মেয়ের বাবা আরিফুল ইসলাম বলেন, “রক্তদান একজন মানুষকে দেওয়া সবচেয়ে মূল্যবান উপহারগুলোর একটি। আমাদের মেয়ের জন্মদিনে আমরা সেই উপহারটাই দিতে চেয়েছি। এবার আমরা থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্তদান করেছি।”
তিনি আরও বলেন, “আমি ও আমার স্ত্রী দুজনই নিয়মিত রক্তদান করি। যখনই কারও রক্তের প্রয়োজন হয়, রক্তদাতা খুঁজে দেওয়ারও চেষ্টা করি। আমরা বিশ্বাস করি, ভালো কাজের শিক্ষা পরিবার থেকেই শুরু হয়। তাই ছোটবেলা থেকেই আমাদের মেয়েকে মানবিক মূল্যবোধের মধ্যে বড় করে তুলতে চাই। পরিবারের অন্য শিশুদেরও এসব সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করছি, যাতে তারাও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পায়।”
তিনি জানান, প্রথম জন্মদিনে লাগানো গাছগুলো এখন ছোট একটি বাগানে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও রক্তদান শেষে নতুন করে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।





































