২৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৫, ২৯ জুন ২০২৬

আপডেট: ১৯:১৬, ২৯ জুন ২০২৬

দেশীয় ফলের প্রতি নির্ভরতা বাড়লে দেশের টাকা দেশেই থাকবে: মামুন মাহমুদ

দেশীয় ফলের প্রতি নির্ভরতা বাড়লে দেশের টাকা দেশেই থাকবে: মামুন মাহমুদ

দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বাড়াতে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, দেশীয় ফলের প্রতি নির্ভরতা বাড়াতে পারলে ফল আমদানির প্রয়োজন কমবে, দেশের অর্থও দেশেই থাকবে।

সোমবার (২৯ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী জাতীয় ফল মেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছেন এবং দেশীয় ফলকে জনপ্রিয় করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে কৃষি বিভাগের উদ্যোগে এ ফল মেলার আয়োজন করা হয়েছে। কৃষি বিভাগের সহযোগিতায় প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা সফল করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, “দেশীয় ফল প্রসারে মূল দায়িত্ব পালন করতে হবে কৃষি বিভাগকে। এই মেলায় কৃষকদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে। এতে নতুন প্রজন্ম দেশীয় ফল সম্পর্কে জানবে এবং তাদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে।”

দেশীয় ফলের পুষ্টিগুণ তুলে ধরে তিনি বলেন, “আমরা সাধারণত ফল বলতে আপেল, কমলা কিংবা আঙুরকে বুঝি। অথচ আমাদের দেশেও অনেক সুস্বাদু ও পুষ্টিকর ফল রয়েছে। নতুন প্রজন্মকে এসব ফলের সঙ্গে পরিচিত করতে হবে। আমরা যদি দেশীয় ফলের ওপর নির্ভরতা বাড়াতে পারি, তাহলে ফল আমদানির প্রয়োজন কমবে এবং দেশের অর্থ দেশেই থাকবে।”

দিনব্যাপী এ ফল মেলায় দেশীয় জাতের বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে দর্শনার্থীদের সচেতন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়