১৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩৭, ১৫ জুন ২০২৬

আপডেট: ২৩:১৮, ১৫ জুন ২০২৬

বিএনপির নেতারা পেলেন নাসিকের হাট বাজারের ইজারা

বিএনপির নেতারা পেলেন নাসিকের হাট বাজারের ইজারা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মালিকানাধীন বাজার, বাস টার্মিনাল, রাস্তার ক্ষতিপূরণ আদায় ও গণশৌচাগারের ২০২৬-২০২৭ অর্থবছরের ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। রোববার (১৪ জুন) নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দরপত্র উন্মুক্তকরণ অনুষ্ঠানে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন।

দরপত্র অনুযায়ী, সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ কোটি ২২ লাখ টাকায় ইনস্টিটিউট রোড পার্শ্বস্থ অস্থায়ী কাঁচাবাজার (মীর জুমলা সড়ক বাদে) ইজারা পেয়েছেন বিএনপি নেতা বদিউজ্জামান বদুর ভাগিনা আবু সালেহ আহম্মেদ সনেট। এ ইজারাদার আলোচিত সাবেক ছাত্রদল নেতা জাকির খানের ঘনিষ্ঠ সহযোগী। 

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ১৮ লাখ ৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। নিউ মেট্রো হলের সামনে সড়ক বাস স্ট্যান্ড ৩০ লাখ টাকায় ইজারা নিয়েছেন মো. নজরুল ইসলাম।

নিতাইগঞ্জ ও থানা পুকুরপাড় এলাকার রাস্তার ক্ষতিপূরণ ফি আদায়ের ইজারা ২৩ লাখ টাকায় পেয়েছেন মো. শাহাবুদ্দিন। তিনি মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ঘনিষ্ঠ সহযোগী।

গণশৌচাগারের মধ্যে সৈয়দ আলী চেম্বার সংলগ্ন গণশৌচাগার ২ লাখ ৬৬ হাজার ৮৫৩ টাকায় ইজারা নিয়েছেন মাহাবুব আলম সুমন। কেন্দ্রীয় পৌর শহীদ মিনার সংলগ্ন গণশৌচাগার ৬ লাখ টাকায় ইজারা পেয়েছেন প্রয়াত বিএনপি নেতা ডেভিডের ভাই ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহেব উল্লাহ রোমান। ধর্মতলা গণশৌচাগার ৫ লাখ ৩১ হাজার ৬০০ টাকায় ইজারা নিয়েছেন ফয়সাল আবেদ হিমু।

তবে পঞ্চবটি ট্রাক টার্মিনালের দরপত্রে ত্রুটি থাকায় ওই মহালের জন্য পুনরায় আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হেমায়েত হোসেন এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।

নাসিক সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য এক বছরের মেয়াদে সায়রাত মহাল অস্থায়ীভাবে ইজারা প্রদানের লক্ষ্যে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছিল। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে জমা হওয়া দরপত্রগুলো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত ও মূল্যায়ন শেষে ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: