নম্বর প্লেট নবায়নের দাবিতে নাসিকে মিশুক-রিকশা মালিকদের স্মারকলিপি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় চলাচলকারী মিশুক-রিকশার ডিজিটাল নম্বর প্লেট দ্রুত নবায়নের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে 'বৈধ মিশুক-রিকশা মালিক কমিটি' নামে অটোরিকশা মালিকদের সংগঠন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় সংগঠনের সভাপতি সুজন মাহমুদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শানুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনের কাছে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ডিজিটাল নাম্বারপ্লেট নবায়ন কার্যক্রম বন্ধ থাকায় বৈধ মালিকরা প্রায় দুই বছর ধরে নবায়ন ছাড়া যানবাহন পরিচালনা করছেন। এতে সিটি করপোরেশনের কয়েক কোটি টাকার রাজস্ব বকেয়া রয়েছে। দ্রুত নবায়ন কার্যক্রম চালু হলে বকেয়া রাজস্ব আদায়ের পাশাপাশি বৈধ যানবাহন সহজে শনাক্ত করা এবং অবৈধ রিকশা নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে দাবি করা হয়।
এছাড়া একটি স্বার্থান্বেষী চক্র নবায়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নেতারা। তাদের দাবি, শহরে লাইসেন্সবিহীন ও নকল নাম্বারপ্লেটধারী রিকশার কারণে যানজট বাড়ছে। তাই দ্রুত ডিজিটাল নাম্বারপ্লেট নবায়ন চালু করে অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান জোরদারের আহ্বান জানান তারা।
স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের সুজন মাহমুদ বলেন, নাসিক প্রশাসক লাইসেন্স মনিটরিং কমিটির মাধ্যমে দ্রুত নবায়ন কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মণ্ডলপাড়া ব্রিজ ও ২ নম্বর রেলগেট এলাকায় শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ রিকশা নিয়ন্ত্রণে সংগঠনের প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।





































