নারায়ণগঞ্জের প্রশাসনিক সীমানা পুনর্গঠন নিয়ে বুধবার নিকার সভা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে তিন জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের প্রস্তাব বুধবার (১ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উত্থাপিত হচ্ছে। এ প্রস্তাব অনুমোদন পেলে নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক সীমানায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে নিকারের ১২১তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান মন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় দেশের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
সভার অন্যতম আলোচ্য বিষয় হিসেবে রয়েছে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের প্রস্তাব। প্রস্তাবটি উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।





































