৩০ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৫, ৩০ জুন ২০২৬

আপডেট: ২১:১৮, ৩০ জুন ২০২৬

বন্দরে বিকাশ এজেন্টকে কুপিয়ে জখমের অভিযোগে আটক ১

বন্দরে বিকাশ এজেন্টকে কুপিয়ে জখমের অভিযোগে আটক ১

নারায়ণগঞ্জের বন্দরে টাকা লেনদেনে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে এক বিকাশ এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ঘটনাটি সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বন্দর থানার মদনগঞ্জ বটতলা ওয়েল ফেয়ার ক্লাব মার্কেট এলাকায় ঘটে।

আহত বিকাশ এজেন্ট অন্তর খান (৩৫) বর্তমানে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ডিস সুজন বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের জন্য অন্তর খানের দোকানে যান। এ সময় তাকে কয়েক মিনিট অপেক্ষা করতে বলায় দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুজন পাশের একটি সেলুন থেকে ধারালো কাঁচি এনে অন্তর খানকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

অন্তর খানের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ছুটে এসে ডিস সুজনকে আটক করে রাখেন। খবর পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহত অন্তর খানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম জানান, এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ডিস সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়